বুধবার । ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১২ই ফাল্গুন, ১৪৩২

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোংলা বেলাই ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোঃ কামাল নামে অপর একজন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধার দিকে বেলাইব্রীজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নাজমুল হাসান মৃত্যুবরণ করেন এবং আরোহী মোঃ কামালকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহত নাজমুল হাসান জামালপুর জেলার ইসলামপুর থানার কুঠাইল গ্রামের আবুল হোসেনের ছেলে। নাজমুল হাসান তাপবিদ্যুৎ কেন্দ্রের ইনস্টিটিউ অফ মেরিন টেকনোলজির সেফটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আরোহী মোঃ কামাল কুমিল্লা জেলার বাসিন্দা।

জানা যায়, দুজনে মোটরসাইকেল চালিয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ভাগা বাজারে যাওয়ার পথে রামপাল থানাধীন টেংরামারী গ্রামস্থ খুলনা-মোংলা হাইওয়ের আরজ আলী গ্যাস স্টেশন এলাকায় পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে বেপরোয়া ভাবে আসা টাটা কোম্পানির রেজিস্ট্রেশন বিহীন মিনি ডাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তার উপর পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

খবর পেয়ে রামপাল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়।পুলিশ জানায়, মিনি ডাম ট্রাকের চালক পলাতক রয়েছে। মিনি ডাম ট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

এই বিষয়ে হাইওয়ে থানা পুলিশের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন