বাগেরহাটে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

 নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরবেজ আলী ও প্রত্যক্ষদর্শী প্রাইভেট কার ড্রাইভার সোলায়মান জানান, বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের রামপাল এলাকার বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি এলাকার ডেলটা এলপিজি ফ্যাক্টরির সামনে মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন আরোহী মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে কাটাখালী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগরের বাসিন্দা বাশারের ছেলে এনামুল (২৬), বেলাই ব্রিজ এলাকার মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লকপুর এলাকার শুক্কুরের ছেলে সাইদুল (১২)। এ তিনজনই বেলাই এলাকায় একটি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন।

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন, রামপালের ফয়লা বাজার থেকে ঘেরে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাক চাপায় মোটরসাইকেলে থাকা এ তিন আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন