যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ হত্যা মামলার আসামি সুমন অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান আসাদ হত্যাসহ ১১ মামলার আসামি সুমন ওরফে মাঠ সুমনকে (৩৫) অস্ত্র-গুলিসহ আটক করেছে র‍্যাব সদস্যরা। শুক্রবার রাত ৮টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার আইয়ুব আলীর ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গত ৮ নভেম্বর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে সেচ্ছাসেবক লীগ নেতা আসাদকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সুমনসহ ছয়জনের নামে কোতোয়ালি থানায় মামলা করেন। হত্যার পর থেকে সুমনসহ অন্য আসামিরা পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওইরাতে র‍্যাবের একটি টিম ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়।

তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বেজপাড়া কবরস্থান রোডে কলাবাগানে তার অস্ত্র-গুলি রাখা রয়েছে। এসময় পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি আরো জানান, আটক সুমনের বিরুদ্ধে আসাদ হত্যা মামলা ছাড়াও একাধিক হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং মাদক আইনে ১১টি মামলা রয়েছে। আলোচিত এই সন্ত্রাসী যশোর শহরের বেজপাড়াসহ অন্যান্য এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন