সীমান্তে অনুপ্রবেশের সময় বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের ২ রাউন্ড ফাঁকা গুলি

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল পেট্রপোল সীমান্তে অবৈধ পথে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশীকে লক্ষ্য দু’রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় কোন হাতহতের ঘটনা ঘটেনি। তবে ওই অনু প্রবেশকারী বাংদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা আটক করে। ভারত থেকে অবৈধ পথে আসা ব্যক্তি হলেন, আকবর আলী। তিনি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের জনৈক শামসুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন সাদীপুর গ্রামের বিজিবি‘র পোতা পোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল জয়ন্তীপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ৬ মাস আগে কাজের সন্ধানে সাতক্ষীরা সীমান্ত পার হয়ে ভারতের কলকাতায় যায় আকবার আলী। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দালালের মাধ্যমে ভারতের জয়ন্তীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার সময় ভারতের হরিদাসপুর ১৫৮ বিএসএফ ব্যাটালিয়নের পেট্রাপোল জয়ন্তীপুর ক্যাম্পের টহলদল তাকে ধাওয়া করে। ধরতে না পেরে বিএসএফ এ সময় ফাঁকা দু’ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আকবার আলী বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এলে তাকে আটক করে ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপির পোতা পোষ্টের টহল দলের সদস্যরা।

এ ব্যাপারে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফ বিজিবিকে জানিয়েছেন ভারত থেকে মাদক পাচারের সময় মাদক চোরাচালানীকে আটক করতে দুই রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে চার পোটলা ফেনসিডিলও উদ্ধার করেছে বিএসএফ। গুলির আতংকে একজন বাংলাদেশে চলে আসে। অন্যরা ভারত অভ্যন্তরে পালিয়ে যায় বলে তারা জানায়।

আটক আকবার আলীকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন