বেনাপোল বন্দরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

শার্শা প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর থানার সামনে ট্রাক চাপায় ভারতীয় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। তার নাম শ্যামসুন্দর (৫৭)। তিনি ভারতের মথুরার আমরালা এলাকার তেজি সুন্দরের ছেলে।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালক শিলনকে আটক করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ। আটক শিলন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। জানা যায় আটক শিলন ওই ট্রাকের হেলপার।

রোববার (১৬ অক্টোবর) সকাল ৮ টার দিকে বেনাপোল বন্দর থানার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় ট্রাক চালক শ্যাম সুন্দর বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাংলাদেশি কুষ্টিয়া ট – ১১,১০৭৪ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আশপাশের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহটি উদ্ধার করে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন কামাল ভূইয়া বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পায়, ট্রাকের চাকায় পৃষ্ঠ একজন ভারতীয় ট্রাক চালকের মৃত্যু হয়েছে। থানা থেকে একটি টিম নিয়ে প্রথমে মৃতদেহ টি উদ্ধার করি। পরে ঘাতক ট্রাকটি ও ট্রাকের চালককে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। এবং নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন