অভয়নগরে স্ত্রী ও দুই শিশু কন্যা খুন, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরে স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী ও দুই শিশু কন্যা। তাদেরকে গলায় গামছা পেচিয়ে খুন করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামে।

হত্যাকারী জহিরুল ইসলাম বাবুকে (৩৩) পুলিশ আটক করেছে। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বিশ্বাসপাড়ার মশিয়ার বিশ্বাসের ছেলে। নিহতরা হলেন, তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বীথি (২৮), শিশু কন্যা সুমাইয়া (৯) ও ১৮ মাস বয়সি সাফিয়া।

গ্রামবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুর দু’টার দিকে জহিরুল ইসলাম বাবুর সাথে স্ত্রী বিথীর পারিবারিক গোলযোগ শুরু হয়। এরই এক পর্যায়ে বাবু তার স্ত্রীসহ দুই শিশু কন্যাকে শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যাকারী জহিরুল ইসলাম বাবু তার নিজ বাড়িতে গিয়ে ট্রিপল মার্ডারের কথা স্বীকার করে এবং তাকে পুলিশের হাতে তুলে দিতে বলে। এরপর পরিবারের সদস্যরা তাকে অভয়নগর থানায় হাজির করে। তিনি পুলিশের কাছে স্ত্রী ও শিশু কণ্যা হত্যার কথা স্বীকার করেছে। পরে পুলিশ গিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত সাবিনা ইয়াসমিন বীথি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা বাজারের মুজিবুর শেখের মেয়ে।

 

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন