যশোরের র‍্যাবের অভিযানে প্রাইভেট কার বোঝাই ফেনসিডিল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার (১২ জুলাই) সদর উপজেলার চুড়ামনকাটি শহিদুল ব্রিকসের সামনে থেকে প্রাইভেটকারসহ ৪৯০ বোতল ফেনসিডিলের চালান জব্দ করেছে। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর জেলার চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের মিজানুর দফাদরের ছেলে তরিকুল ইসলাম, একই উপজেলার চাঁদপুর গ্রামের ফারুক আহম্মেদ ও গাড়ী চালক চৌগাছা উপজেলার দিগুড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে রায়হান। । এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, এদিন দুপুর ১২ টার পর গোপন সূত্রে খবর পান যশোর-চৌগাছা পাকা রাস্তা দিয়ে চৌগাছা থেকে একটি প্রাইভেট কারে ফেনসিডিল নিয়ে কতিপয় মাদক ব্যবসায়ী যশোরের দিকে আসছে। এ খবরের ভিত্তিতে যশোর সদরের চুড়ামনকাটি যশোর- চৌগাছা সড়কে অবস্থিত শহিদুল ব্রিকস নামক ইটভাটার সামনে অস্থায়ী চেকপোষ্ট বসানো হয়। এক পর্যায়ে প্রাইভেট কারটি চেকপোষ্টের কাছে আসলে র‌্যাব সদস্যরা প্রাইভেট কারটি চেক করার উদ্দেশ্যে এগিয়ে গেলে প্রাইভেট কারে থাকা উল্লেখিত আসামীরা কার ফেলে দ্রুত পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। গ্রেফতারকৃত তিনজনের দেখানো মতে প্রাইভেট কার থেকে ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরে প্রাইভেট কার, ফেনসিডিল এবং গ্রেফতারকৃতদের কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেয়া হয়।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন