যশোরে অস্ত্র ও মাদক মামলায় দু’জনের ১৩ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পৃথক দুটি মামলায় দু’আসামির ১৩ বছরের সশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ ফাহামিদা জাহাঙ্গীর পৃথক দুটি মামলার রায়ে এ আদেশ দেন। মামলার আসামিরা পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর একটি অস্ত্র মামলায় আটক হয় ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের নজর আলীর ছেলে নুরুজ্জামান বাবু। এ মামলায় পুলিশ আদালতের নির্দেশে তাকে রিমান্ডে নেয়। পরে জিজ্ঞাসাবাদে বসতঘরে একটি অবৈধ অস্ত্র রয়েছে বলে বাবু পুলিশকে জানায়। এরপর পুলিশ ৯ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে কৃষ্ণনগরের ভাড়া বাড়িতে নিয়ে যায় বাবুকে। বাবু বাড়ির দেয়ালের ওপর থেকে কাপড়ে মুড়ানো অবস্থায় একটি পাইপগান বের করে পুলিশকে দেয়। এ ঘটনায় এসআই বাবুল আক্তার বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২৪ সেপ্টেম্বর এসআই মাহমুদ আল ফরিদ ভূইয়া আদালতে চার্জশিট দেন। সর্বশেষ বৃহস্পতিবার আদালত এ মামলার রায়ে আসামির ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

এদিন একই আদালতে একটি মাদক মামলায় এক আসামির তিন বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। আসামি মাসুদ পারভেজ চৌগাছা উপজেলার পাঁচনামনা গ্রামের আবু হোসেনের ছেলে। ২০১২ সালের ২৭ নভেম্বর নিজ এলাকা থেকে সে চৌগাছা থানা পুলিশের হাতে ২০ বোতল ফেনসিডিলসহ আটক হয়। এ ঘটনায় চৌগাছা থানার এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই প্রবীর কুমার বিশ্বাস ২০১৩ সালের ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট দেন। বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন