পদ্মা সেতু দেখে বাড়ি ফেরা হলো না তাদের

নিজস্ব প্রতিবেদক, যশোর

ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যশোরের রুপদিয়া এলাকার দু’জন নিহত হয়েছেন। তারা মাদারীপুরে পদ্মা সেতুর উদ্বোধন দেখে বাড়ি ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন যাত্রী।

শনিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা বিশ্বরোডের ফরিদপুরের নগরকান্দা উপজেলার কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন রুপদিয়া বাজারের পার্টস ব্যবসায়ী অহিদুল ইসলাম (৫২)। তিনি সুরোত আলী মার্কেটের জামান মেশিনারিজের মালিক। অহিদুলের গ্রামের বাড়ি মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে। অপরজন রুপদিয়া কচুয়া খানপাড়ার মফিজুর রহমান (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ।

নিহতের স্বজনেরা জানান, তারা একসাথে যাত্রীবাহি বাসে পদ্মাসেতুর উদ্বোধন দেখতে গিয়েছিলেন। ফেরার পথে দু’জন একটি মাইক্রোবাসে শেয়ারিং করে বাড়ি ফিরছিলেন। পথে নগরকান্দায় দ্রুতগতির একটি ট্রাকের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অহিদুল ও মফিজুর ঘটনাস্থলেই নিহত হন। ওই মাইক্রোবাসের আরো ৬ জন যাত্রীও আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসে থাকা ওই দু’জন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন