মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

মোল্লাহাটে জমি নিয়ে বিরোধে ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে কামাল হোসেন (২৬) নামের এক সোনালী বিড়ি শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে তারই আপন চাচাত ভাই। জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার দাড়িয়ালা গ্রামে বাড়ির সামনে মাছ ধরা বল্লম দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

নিহত কামাল হোসেন দাড়িয়ালা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাস বলেন, নিহত কামাল হোসেন দুপুরে ফ্যাক্টরী থেকে বাড়িতে আসে। এসময় তার চাচাত ভাই আজিজ মোল্লাসহ অন্য ভাইয়েরা তার উপর বল্লম দিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা কামালকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন