বাগেরহাটের ঘোড়া দিঘীতে ওয়াকওয়ে উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ঘোড়া দীঘিতে ওয়াকওয়ে, নব নির্মিত ঘাট ও গণ শৌচাগার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ওয়াকওয়ে উদ্বোধন করেন।

এসময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ হেলাল উদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে এবং জেলা প্রশাসনের বাস্তবায়নে ৯২ লক্ষ টাকা ব্যয়ে ঘোড়া দিঘীর উত্তর পাড়ে এই ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। ওয়াকওয়ের সাথে নারী-পুরুষের জন্য পৃথক দুটি গণ শৌচাগার এবং একটি ঘাট নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই ওয়াকওয়ে, গণ শৌচাগার ও ঘাট নির্মাণ করা হয়েছে। এখনও কিছু পাড় রয়েছে যেখানে ওয়াকওয়ে নেই। এবিষয়ে ট্যুরিজম বোর্ড ও সংশ্লিষ্টদের জানানো হয়েছে। আশাকরি অল্প সময়ের মধ্যে এসব জায়গায়ও ওয়াকওয়ে নির্মাণ করতে পারব। এই দৃষ্টিনন্দন এই ওয়াকওয়ের ফলে দর্শনার্থীরা সাচ্ছন্দে ঘোড়া দিঘীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে আশা করেন তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন