মণিরামপুরে তিন তক্ষক উদ্ধার, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনটি তক্ষক ও ৩০ হাজার টাকা উদ্ধার করেছে। এসময় আটক হয়েছে তক্ষক চক্রের দু’সদস্য। শনিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার বিপ্রোকোনা গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে থেকে তক্ষকগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাস বাদী হয়ে রবিবার (৩০ জানুয়ারি) সকালে মণিরামপুর থানায় মামলা করেছেন।

আটককৃতরা হলো, তক্ষক বিক্রি চক্রের দুই সদস্য কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মণ্ডলের ছেলে বিশ্বজিৎ মণ্ডল ও ভোলা জেলার দৌলত খাঁ দক্ষিণ জয়নগরের ইউনুস আলীর ছেলে আব্দুল খালেক। তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ও তিনটি তক্ষক উদ্ধারের কথা জানিয়েছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত তক্ষকের মধ্যে একটি মৃত বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, শনিবার গভীররাতে মণিরামপুরের বিপ্রোকোনা গ্রামের আমজেদ আলীর ছেলে রেজাউলসহ একটি চক্র তক্ষক কেনাবেচা করছিল। এ খবর পেয়ে রাত পৌঁনে ১০টায় সেখানে অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এসময় চক্রের হোতা রেজাউল পালিয়ে গেলেও ধরা পড়ে বিশ্বজিৎ ও আব্দুল খালেক।

বিশ্বজিতের কাছ থেকে বাজারের ব্যাগে থাকা তিনটি তক্ষক ও আব্দুল খালেকের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মূলত ক্যান্সার রোগের ওষুধ তৈরিতে তক্ষক ব্যবহৃত হয় এমন তথ্য দিয়ে একটি চক্র সাধারণ মানুষকে দীর্ঘদিন প্রতারিত করে আসছে।

এ ব্যাপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, তক্ষক উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের এ মামলায় আদালতে চালান দেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন