সাতক্ষীরার ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সীমান্তের ইছামতি নদীর হাড়দ্দহা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলাধীন সীমান্তের হাড়দ্দহা গ্রামের জনৈক গণি মেম্বরের বাড়ির পিছন থেকে নদীতে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, সীমান্তের ইছামতি নদীর বাংলাদেশ পারে এক যুবকের মরদেহ ভাসছে স্থানীয়দের দেয়া এমন খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি নিজে সেখানে যান। এসময় বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলাধীন হাড়দ্দহা গ্রামের গণি মেম্বরের বাড়ির পিছন দিকে সীমান্ত নদী ইছামতিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে মরদেহটি জোয়ারের টানে নদীতে ভাসতে ভাসতে এই এলাকায় চলে এসেছে। ভাটায় হয়ত এটা আবার চলে যেত। নিহত যুবকের আনুমানিক বয়স ২৬/২৭ বছর হবে। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন