কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মৎস্যচাষীর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও কালিগঞ্জ প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফু (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিরোজপুর গ্রামের ভূমিহীন পাড়ায় দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত গোলাম কুদ্দুস খানের ছেলে।

নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন জানান, সকালে রফিকুল ইসলাম বাড়ির পাশে নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি উত্তোলন করছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে রফিকুল ইসলামের মরদেহ বাড়ির উঠানে নিয়ে আসেন। খবর পেয়ে নিহতের মামাতো ভাই শেখ নাজিমউদ্দীন কালিগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি অপমৃত্যু হিসেবে অবহিত করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, মৎস্য প্রজেক্টের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় পানি বিদ্যুতায়িত ছিল বলে জানা গেছে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন