সাতক্ষীরায় নিখোঁজ হওয়ার দুইদিন পর আব্দুর রহমান (১৪) নামে এক কিশোর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কুলপোতা গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার (৮ জুলাই) সকালে নিখোঁজ হয় সে।
নিহত কিশোর আব্দুর রহমান (১৪) সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুলপোতা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আব্দুর রহমান ওই গ্রামের সরকারি আবাসন প্রকল্পে খালার সঙ্গে বসবাস করতো। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
নিহতের খালা শেফালি খাতুন জানান, আব্দুর রহমানের বয়স যখন ৫ বছর, তখন বাবা তার মাকে ডির্ভোস দিয়ে চলে যায়। পরে তার মা অন্যত্রে বিয়ে করে। এরপর থেকে আব্দুর রহমানকে নিজের কাছে রেখে তিনিই লালন পালন করছিলেন। বুধবার সকালে স্বামীকে নিয়ে ডাক্তার দেখাতে তিনি শহরে যান। দুপুরে বাড়িতে ফিরে দেখেন আব্দুর রহমান নেই। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে সরকারি আবাসন প্রকল্পে তাদের বসতঘরের পেছনে মাছের ঘেরের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পরে তিনি গিয়ে আব্দুর রহমানের মরদেহ সনাক্ত করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে

