সাতক্ষীরায় পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের পূর্ব সুকদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম তমা সরকার (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর গ্রামের অরুণ পালের স্ত্রী।
মৃত গৃহবধূর ভাই প্রসেনজিৎ সরকার বলেন, আমার বোনের খিঁচুনি রোগ ছিল। অসুস্থতার কারণে প্রায় এক মাস আগে সে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সে মাঝেমধ্যে মাঠে যাতায়াত করত। শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির পাশের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বের হলেও আর ফিরে আসেনি। পরে রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে শনিবার সকাল ৬টার দিকে আমাদের প্রতিবেশী উষা রানী হাঁটতে হাঁটতে সুকদেবপুর খালের পাড়ে গিয়ে পানির ওপর খালের কিনারায় বোনের মরদেহ ভাসতে দেখে ডাকচিৎকার দেন। পরে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
তিনি বলেন, আমার ধারণা, পূজা-অর্চনার জন্য হাত পরিষ্কার করতে খাল থেকে পানি সংগ্রহের সময় পানির স্পর্শে তার খিঁচুনি শুরু হয়। এ সময় তিনি পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারেন।
সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

