বুধবার । ১লা জুলাই, ২০২৬ । ১৭ই আষাঢ়, ১৪৩৩

তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত, বাবা আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা স্কুল শিক্ষক কানাই লাল সরদার।

বুধবার (১ জুলাই) সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে তালা উপজেলাধীন খুলনা-পাইকগাছা সড়কে শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল রায় সরদার সাতক্ষীরার তালা উপজেলার নলতা গ্রামের কানাইলাল সরদারের ছেলে। সে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আহত কানাই লাল সরদার তালা উপজেলার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

খোঁজ নিয়ে জানা গেছে, চাকরির সুবাদে কুশলের বাবা-মা বর্তমানে চুকনগরে বসবাস করেন এবং উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, স্কুল শিক্ষক কানাই লাল সরদার ছেলে কুশল রায় সরদারকে নিয়ে একটি মোটরসাইকেলে তালার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৯টার দিকে তালা উপজেলাধীন খুলনা-পাইকগাছা সড়কের শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী কুশল রায়। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বাবা কানাইলাল সরদার। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন