সোমবার । ১লা জুন, ২০২৬ । ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিজিবি সদস্যের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি গ্রামে এক বিজিবি সদস্যের বসতবাড়ির গেটের তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৩১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী বিজিবি সদস্য জি.এম মোস্তাফিজুর রহমান শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর পৌরসভার কাঁচড়াহাটি গ্রামের বাসিন্দা জি.এম মোস্তাফিজুর রহমান রবিবার দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে পার্শ্ববর্তী উপজেলা কালীগঞ্জে তার বোনের বাড়িতে বেড়াতে যান। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চোরেরা বসতবাড়ির মূল ফটক ও ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চোরেরা শয়নকক্ষের আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারে মধ্যে রয়েছে একটি নেকলেস, দুটি রুলি, এক জোড়া কানের দুল, এক জোড়া রিং দুল, স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন এবং পাঁচটি নাকফুল। এসব স্বর্ণালংকারে আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া আলমারিতে রাখা দুটি প্লাস্টিকের পাত্র থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং ড্রয়ার থেকে ২১ হাজার ৩০০ টাকা নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। একই সঙ্গে জনতা ব্যাংকের একটি এটিএম কার্ডসহ অন্যান্য মূল্যবান সামগ্রীও খোয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে বাড়িতে ফিরে এসে তিনি চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চালানো হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, তাদের বাড়িতে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ঘটনার ফুটেজ ধারণ হয়েছে, যা আইন-শৃঙ্খলা বাহিনীকে এই ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করতে পারে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন