মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্থপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল এবং দুস্থ, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে সাতক্ষীরা পৌর বিএনপির আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা অফিস পাকাপুল মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন, মো. আবিদুল হক মুন্না, মো. সেলিম আহমেদ, কামরুল ইসলাম, এম ইদ্দিশউজম্মান ইদ্রিস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন ধারা সৃষ্টি করেন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে অসামান্য অবদান রাখেন। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও উল্লেখ করেন নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল শেষে অসহায়, দুস্থ, অসহায়, শ্রমজীবী ও ভ্যানচালকদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির ১নং বিল্ডিংয়ের নিচতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অ্যাড. মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাড. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমত উল্লাহ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদ।
সভায় বক্তব্য রাখেন, অ্যাড. তোহা কামাল উদ্দিন হিরা, অ্যাড. সোহরাব হোসাইন, অ্যাড. মোস্তফা জামান, অ্যাড. ফিরোজ আহম্মেদ অ্যাড. শাহরিয়ার হাসিবসহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা এবং জাতীয় উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তাঁরা জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
খুলনা গেজেট/এএজে

