তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের চকারকান্দা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আবু সাইদ নামে এক জামাইয়ের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) সকাল ৯টার দিকে শ্বশুর হাফিজুল ইসলাম হাফির মৎস্য ঘেরে যাওয়ার উদ্দেশ্যে গাবতলা বিলের দিকে রওনা হন আবু সাইদ। পথিমধ্যে গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঘেরের বেড়িতে গিয়ে তিনি বমি করতে থাকেন। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল গাজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এএজে

