বৃহস্পতিবার । ২১শে মে, ২০২৬ । ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিশু ধর্ষণের দায়ে সাতক্ষীরায় বৃদ্ধের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালীগঞ্জে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহরাব হোসেন সরদার নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর ছিদ্দিক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সোহরাব হোসেন কালীগঞ্জ উপজেলার তারালী গ্রামের মৃত মহব্বত আলী সরদারের ছেলে।

সম্পর্কে দাদা হওয়ায় সোহরাব হোসেন ওই শিশুর সঙ্গে মাঝে মাঝে খেলাধুলা করতেন। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে নিজেদের উঠানে খেলার একপর্যায়ে শিশুটিকে কৌশলে নিজের ঘরে নিয়ে যান সোহরাব। সেখানে তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে হুমকিও দেওয়া হয়। সন্ধ্যায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে পুরো বিষয়টি তার মাকে জানায়।পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং ওই বছরের ৪ মার্চ ভিকটিমের মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। একই দিনে আদালতে ভিকটিমের জবানবন্দি গ্রহণ ও সাতক্ষীরা সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল আলম ২০২৪ সালের ২৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। গ্রেপ্তারের পর থেকে আসামি সোহরাব হোসন জেলেই ছিলেন।

আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং মামলার নথি পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি সোহরাব হোসেন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন