সাতক্ষীরায় মন্ত্রীর ভুয়া সীল ও স্বাক্ষর জালিয়াতি করে পানি উন্নয়ন বোর্ডের জমি ইজারা নেওয়ার চেষ্টার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে মো. মোস্তাফিজুর রহমান (৩৫) এবং দেবহাটা উপজেলার কামটা গ্রামের মো. নওয়াব আলীর ছেলে মো. আব্দুর রহিম (৪২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা একটি প্রতারক চক্রের সদস্য। তারা পরস্পর যোগসাজশে সরকারের একজন মাননীয় মন্ত্রীর ভুয়া সীল তৈরি করে এবং তার স্বাক্ষর জাল করে পানি উন্নয়ন বোর্ডের জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। বিষয়টি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম এর নজরে এলে তিনি স্বাক্ষরের সত্যতা নিয়ে সন্দিহান হন। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, স্বাক্ষরটি সংশ্লিষ্ট মন্ত্রীর নয়। বুধবার বেলা ৩টার দিকে আসামিরা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাদের আবেদনের বিষয়ে ব্যবস্থা নিতে চাপ সৃষ্টি ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসময় নির্বাহী প্রকৌশলী পুলিশে খবর দিলে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমান জানান, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের দিক-নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জালিয়াতির বিষয়টি স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, প্রতারক চক্রটি সরকারি গুরুত্বপূর্ণ পদের অপব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছিল। আমাদের টিম দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। সাতক্ষীরা থানার মামলা নং-৪০ (তারিখ: ২২/০৪/২০২৬)। দন্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৭৩ ও ৩৪ ধারায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
খুলনা গেজেট/এনএম

