সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ দশ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাতক্ষীরার মাদরা, তলুইগাছা, কাকডাঙ্গা, চান্দুরিয়া, হিজলদী, ভোমরা, কালিয়ানী ও কুশখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মালামালের মধ্যে রয়েছে মদ, ক্যাটাগ্রা ট্যাবলেট, টারপেন্টাডল ট্যাবলেট, ওষুধ ও শাড়ি।
বিজিবি সূত্র জানায়, তলুইগাছা বিওপির সদস্যরা সদর থানার চারাবাড়ি কাঁচা রাস্তার ওপর থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার কেরাগাছি থেকে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে। মাদরা বিওপির সদস্যরা কলারোয়ার চান্দা নামক স্থান থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ওষুধ আটক করে। চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়ার কাঁদপুর থেকে ৬৬ হাজার টাকার ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট আটক করে।
হিজলদী বিওপির সদস্যরা কলারোয়ার তালশারী থেকে ১ লাখ ৬২ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের পিন আটক করে। ভোমরা বিওপির সদস্যরা সদর থানার লক্ষীদাড়ি দক্ষিণ পাড়া থেকে ১ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় মদ ও টারপেন্টাডল ট্যাবলেট আটক করে। কালিয়ানী বিওপির সদস্যরা সদর থানার কালিয়ানী আমবাগান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ওষুধ আটক করে।
এছাড়াও কুশখালী বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর থানার পশ্চিম কুশখালী নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। সব মিলিয়ে ১০ লাখ ৫২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এসব মালামাল পাচার করছিল, তাই তা জব্দ করা হয়েছে।

