সাতক্ষীরায় মাটি ভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে ওমর ফারুক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন ধুলিয়ার- সুপারিঘাটা সড়কের সানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলিটি আটক করেছে।
নিহত শিশু ওমর ফারুক সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর সানাপাড়া গ্রামের সারাফাত হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু ওমর ফারুক বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন ধুলিহর -সুপারিঘাটা সড়কের সানাপাড়া এলাকায় বাড়ির সামনের রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় বেতনা নদী খননের মাটি নিয়ে আসা দ্রুতগতির একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় শিশু ওমার ফারুক। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম

