সাতক্ষীরায় ঈদে নানাবাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে আপন দুই খালাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) বিকাল তিনটার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সন্ন্যাসীরচক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত দুই শিশু হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের সন্ন্যাসীরচক গ্রামের মো. ফারুক গাজীর ছেলে মো. জাকারিয়া হোসেন (১৩) ও নলতা কাশিমপুর গ্রামের মো. আহসান আলী খা’র মেয়ে জান্নাতুল (১০)।
প্রত্যক্ষদর্শী দক্ষিণ নলতা গ্রামের বাসিন্দা আইয়ুব আলী জানান, জাকারিয়া ও জান্নাতুল আপন দুই খালাতো ভাই বোন। ঈদে তারা নলতা ইউনিয়নের সন্ন্যাসীরচক গ্রামের নানা আব্দুল মজিদ ঢালীর বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে তারা দুই ভাই-বোন একসাথে নানার মাছের ঘেরে বেড়াতে যায়। ঘেরের বাঁধের উপর দিয়ে হাঁটার সময় এক পর্যায়ে তারা দুইজনেই পা পিছলে পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পর জাকারিয়া পানির উপরে ভেসে ওঠে। এ সময় গ্রামবাসী তাকে উদ্ধারের পাশাপাশি পানির মধ্য থেকে খুঁজে জান্নাতুলের মরদেহ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

