সাতক্ষীরায় গলাকাটা লাশ উদ্ধার : স্ত্রী ও ভাইপোসহ আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মনরাজপুর ইউনিয়নের দহকুলা গ্রামের নিজ বাড়ির পিছনের একটি বাঁশবাগান থেকে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও ভাইপোসহ তিনজনকে আটক করেছে। রবিবার ভোর বেলা নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহতের নাম মোঃ আব্দুল আজিজ মোল্যা (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষ্মনরাজপুর ইউনিয়নের দোহাকুলা গ্রামের মৃত এনামুল­াহ মোল্যার ছেলে।

জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী রোকেয়া খাতুন, একই গ্রামের প্রতিবেশী দ্বীন আলীর ছেলে জেহের আলী ও নিহতের ভাই চাঁদ আলীর ছেলে নজরুল ইসলাম।

নিহত আব্দুল আজিজ মোল্যার ছেলে দহকুলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলাম ও ভ্যান চালক হাফিজুল ইসলাম জানান, তারা দু’ ভাই ও বোন নাজমা খাতুনকে রেখে তার মা হালিমা খাতুন ১২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। এর এক বছর পর বাবা কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের রোকেয়া খাতুনকে বিয়ে করেন। তার কোন সন্তান নেই। বাবা খালে বিলে মাছ ধরে ও অন্যের কাজ করে সংসার নির্বাহ করতেন। সন্ধ্যার পর তিনি বাড়ির বাইরে যেতেন না। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মা রোকেয়া খাতুনের কাছে বাবা কোথায় তা জানতে চাইলে তিনি বাবার অবস্থান সম্পর্কে বলতে না পারায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পিছনে বাঁশবাগানে বাবার গলাকাটা লাশ উপুড় করা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেয়া হয়।

তারা আরো জানান, তাদের বাবার কোন শত্রু ছিল না। তবে দেড় বছর আগে মা রোকেয়ার সঙ্গে চাচাত ভাই নজরুলের সম্পর্কের জের ধরে বিরোধ হয়। কিন্তু পরে তা মিটে যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, নিহত আব্দুল আজিজের লাশ উদ্ধারের পর রবিবার সকালে ময়না তদন্তর জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোবাইল কললিষ্ট যাঁচাই করে নিহতের স্ত্রী রোকেয়া, নিহতের ভাইপো নজরুল ইসলাম ও প্রতিবেশী জেহের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার ভোরে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন