সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩
মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে করতে অস্বীকৃতি

কনে পক্ষের হামলায় বরের দুলাভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে বাড়িতে কনে পক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের এই ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোন জামাই। তার এক স্ত্রী ও ৪টি কন্যা সন্তান রয়েছে।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংড়া এলাকার শাহদাত মুন্সির সাথে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের উপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এই ঘটনার বিচার চাই।

এ ঘটনায় কথা বলার জন্য কনে পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। উভয় পক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন