কালিগঞ্জে তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে ভাড়াবাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ মে) রাত সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদের পাশের একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধু উপজেলার বাজারগ্রাম কাশেমপুর গ্রামের মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মোহরপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, শফিকুল ইসলামের সাথে নিহত রোজিনা পারভীনের কয়েক বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো। গত শনিবার দিবাগত রাতেও রোজিনা ও শফিকুলের মধ্যে ঝগড়া হয়। রোববার রাত সাড়ে ১১ টার দিকে তালাবদ্ধ ঘরের ভিতর আলো ও ফ্যান চলতে থাকায় স্থানীয়রা থানায় জানলে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীনের মৃতদেহ উদ্ধার করে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এটি একটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রোজিনা পারভীনের স্বামী পলাতক রয়েছে। আজ সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন