মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

সাতক্ষীরার হিমসাগর বাজারে উঠবে ১৬ মে

গেজেট ডেস্ক

সাতক্ষীরায় আগামী ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের পরিপক্ক আম গাছ থেকে নামানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পরিপক্ক হয়ে ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন আম্রপালি আম আসবে বাজারে।

বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান। সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপ-পরিচালক নুরুল ইসলাম।

মতবিনিময়কালে জেলা কৃষি প্রশিক্ষক অফিসার এস এম খালিদ সাইফুল্লাহ, উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী, কিরন্ময় সরকার, ইয়াছিন আরাফাত, আব্দুল আলীম, আনিসুর রহমান, বিশ্বজিৎ দাসসহ সরকারি কর্মকর্তা, আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম বলেন, সবার পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বায়, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম, ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়ে আম পরিপক্ক হয়ে উঠবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে যদি কোনো ব্যবসায়ী বা চাষি অপরিপক্ক আম গাছ থেকে পেড়ে কার্বাইড দিয়ে বাজারজাত করার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলার আমচাষি ও ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন