কালিগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জে ঢালাইয়ের সময় ছাদ থেকে পড়ে শেখ আলাউদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের গোলখালী গ্রামে এঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক শেখ আলাউদ্দীন (৪০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মৃত শেখ শাহামত আলীর ছেলে।

নিহতের সহকর্মী আব্দুর রহমান জানান, আলাউদ্দিন ও তিনি গোলখালী গ্রামে জনৈক কেনার বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এসময় একতলা বিল্ডিংয়ের ছাদের কার্নিশ থেকে হঠাৎ নিচে পড়ে যায় আলাউদ্দীন। গুরুতর আহত অবস্থায় তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিল্ডিংয়ের ছাদের উপর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইনের তার নিয়ে যাওয়া হয়েছে। অসাবধানতায় ওই তারে স্পর্শ হওয়ার কারণে আলাউদ্দীন ছাদ থেকে ছিটকে নিচে পড়ে গেছে বলে ধারণা করছেন তিনি।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রুপা খাঁন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শেখ আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন