সাতক্ষীরায় করোনায় ও উপসর্গে নারীসহ দুই জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশেনে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর নাম আন্না রানী রায় (৬৮)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা গ্রামের লাবণ্য কুমার রায়ের স্ত্রী। উপসর্গ নিয়ে মারা গেছেন আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের মৃত আছের আলী গাজীর ছেলে আনছার আলী গাজী (৬১)।

মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা পজিটিভ নিয়ে গত ১৩ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন তালা উপজেলার কুমিরা গ্রামের আন্না রানী রায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।

এদিকে, শ্বাসকষ্ট ও নিমোনিয়াসহ করোনার উপসর্গ নিয়ে গত ১২ আগষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের আনছার আলী গাজী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে তাদের লাশ সৎকার ও দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে তাদের বাড়ি।

এ নিয়ে ১৫ আগষ্ট পর্যন্ত সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। এছাড়া করেনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৬৯ জন।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন