খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিয়োগ কেন্দ্র করে শুরু হওয়া ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৭টার পর হুইপ রকিবুল ইসলাম বকুলের মধ্যস্থতা ও আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা কাজে ফেরার ঘোষণা দেন।
ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ডা. কামরান হোসেন জানান, হুইপ রকিবুল ইসলাম বকুল টেলিফোনে তাদের সাথে কথা বলেন এবং বিতর্কিত নিয়োগ আদেশটি প্রত্যাহারের আশ্বাস দেন। সেই আশ্বাসের পরই কর্মবিরতি তুলে নেওয়া হয়।
এর আগে ২৪ সেপ্টেম্বর অধ্যক্ষ অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ বি এম সাইফুল আলম ৩০ সেপ্টেম্বর পিআরএলে যাচ্ছেন। তার পদে অধ্যাপক (চলতি দায়িত্ব) ডা. মোঃ জহিরুল হককে স্থলাভিষিক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল।
এই আদেশের প্রতিবাদে শনিবার দুপুরে জরুরি বৈঠক শেষে ধর্মঘটের ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীসহ সাধারণ শত শত মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
খুলনা গেজেট/এএজে

