নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখের মৃত্যু হয়।
তার মৃত্যুর বিষয়টি নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হোসেন আলী নিশ্চিত করেছেন।
নিহত হাসান শেখ কালিয়ায় কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে কলাবাড়িয়া এলাকায় সোহেল মেম্বারের লোকজন ও আবেদ শেখের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হোসেন আলী বলেন, নিহত হাসান শেখের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম

