মঙ্গলবার । ১৯শে মে, ২০২৬ । ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে পিকআপ-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলার আউড়িয়ায় মুরগিবাহী পিকআপ ভ্যান ও লাটা টলি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মঞ্জুল ইসলাম বাবু (৩১) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের নড়াইল-কালনা সড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলার গোয়ালবাথান এলাকার হাশেম হোসেনের ছেলে।

আহতরা হলেন সদরের ধুড়িয়া গ্রামের হাসিব মোল্যার ছেলে হোসাইন (২৩), আমজাদের ছেলে এনামুল (২০) এবং জালাল শেখের ছেলে আকাশ (২১)। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালনা থেকে একটি মুরগিবাহী পিকআপ নড়াইলের দিকে যাচ্ছিল। অপরদিকে একটি লাটা টলি ট্রাক্টর লোহাগড়ার ভাটার দিকে যাচ্ছিল। পথে তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের হেলপার মঞ্জুল ইসলাম বাবু ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও তিনজন আহত হন।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. কামরুল ইসলাম জানান, মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও লাটা টলি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত দুইটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন