নড়াইলে নিখোঁজের পর মধুমতি নদী থেকে বাকপ্রতিবন্ধী কিশোরী সীমা খানমের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা এলাকার ইচাখালির চর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সীমা খানম ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা গ্রামে নানির বাড়িতে থাকত।
পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে নানির সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে গিয়ে সীমা নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুমতি নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে সেদিন সীমার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার দুপুরে পার্শ্ববর্তী কুমারডাঙ্গা এলাকার ইচাখালির চরে একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় গ্রামবাসী পরিবারকে খবর দেয়। পরে গ্রামবাসীর সহায়তায় সীমার মরদেহ উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/এএজে

