নড়াইলের লোহাগড়ায় রাসেল শেখ নামে এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। রবিবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাসেল শেখ (৪৪) কুমারডাঙ্গা গ্রামের ইনসান শেখের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আবু মেম্বারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে রাসেলের ওপর হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

