নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জারজিদ মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার খড়রিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জারজিদ মোল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পিরোলী ইউনিয়নের সাধারন সম্পাদক। তিনি খড়রিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে। তার বিরুদ্ধে পিরোলী গ্রামের মোফাজ্জেল শেখ হত্যা মামলাসহ নাশকতার ২টি ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা ৩টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান জারজিদ মোল্যা বিভিন্ন মামলায় আসামি হওয়ার পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। শনিবার দিনগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইদ্রিস আলী আরও জানান, গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান জারজিদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এনএম

