নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে পলি বেগম (২৫) ও তার শিশু সন্তান ফুরকান ভূঁইয়া নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বরাশুলা এলাকায় চিত্রা নদীর ওপর রেলসেতুর লাইনে এ ঘটনা ঘটে।
নিহত পলি বেগম উপজেলার আউড়িয়া ইউনিয়নের মুলদাইড় গ্রামের শ্রমিক নুর ইসলাম ভূঁইয়ার স্ত্রী এবং ফুরকান ভূঁইয়া তাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু সন্তানকে নিয়ে রেলসেতুর লাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন পলি বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এতে তার কোলে থাকা শিশু ফুরকান ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানকে সঙ্গে নিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ের আওতাধীন হওয়ায় রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং তারা এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

