শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

বোরো ধানে পেনিকেল ব্লাইট রোগ

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় বোরো ধানের শীষে (পেনিকেল) ব্লাইট রোগের ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন ব্লকে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, “কিছুদিন আগেই ঝড়ের কারণে ব্লাস্ট রোগে (বিএলবি) ধানের ক্ষতির ধাক্কা সামলাতে না সামলাতেই এবার নতুন করে পেনিকেল ব্লাইট রোগে আক্রান্ত হচ্ছে তাদের ফসল। উপজেলার ছোট কালিয়া, বড় কালিয়া, বাগডাঙ্গা বিল, সালামাবাদসহ একাধিক এলাকায় এ রোগের উপস্থিতি লক্ষ্য করা গেছে।”

কৃষকদের দাবি, “আক্রান্ত ধানক্ষেতে সঠিক পরামর্শ ও দ্রুত প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে স্থানীয় কীটনাশক দোকানদারদের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করছেন। তবে এতে কাক্সিক্ষত ফল মিলছে না বলে অভিযোগ তাদের।”

স্থানীয় কৃষকদের মধ্যে পাটনা গ্রামের সুব্রত ভৌমিক, সালবরাত গ্রামের সমীর বিশ্বাস ও উত্তম বিশ্বাস, টোনা গ্রামের মশিয়ার রহমান, রামনগর গ্রামের সুভাষ এবং চাঁদপুর গ্রামের কৃষানি কাজল খান অভিযোগ করে বলেন, “মাঠে কৃষি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি না থাকায় তারা চরম সংকটে পড়েছেন এবং সঠিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছেন।”

কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, “পেনিকেল ব্লাইট রোগের বিষয়টি তার জানা নেই এবং উপ সহকারীরা এ বিষয়ে এখনো তাকে অবহিত করেননি।”

এ বিষয়ে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, কালিয়া উপজেলায় এ পর্যন্ত প্রায় ১০ হেক্টর জমিতে পেনিকেল ব্লাইট রোগে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৮ হেক্টর জমিতে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বর্তমান পরিস্থিতিতে দ্রুত রোগ নিয়ন্ত্রণ ও কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকেরা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন