বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসন ও বর্ষবরণ পরিষদ, নড়াইলের আয়োজনে চৈত্র সংক্রান্তি ১৪৩২ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বর এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রভাতি সংগীত, বৈশাখী প্রদীপ প্রজ্জ্বলন, বৈশাখী শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ প্রাঙ্গণে প্রভাতি সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, ঢাক-ঢোল ও কাঁসার বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মুস্তাফিজুর রহমান আলেক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরে আলম সিদ্দিকীসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন