নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র কৃষ্ণ হালদার (১১) কে শিক্ষক-শিক্ষিকার দ্বারা নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (৬ এপ্রিল) স্কুল চলাকালে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, শিক্ষক রানী চক্রবর্তী ব্ল্যাকবোর্ডের ডাস্টার দিয়ে তাকে মারধর করেন, এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়।
এর আগে ১ এপ্রিল শিক্ষক দীপক কুমারের বিরুদ্ধেও একই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রয়েছে।
পরিবারের অভিযোগ, বিষয়টি প্রধান শিক্ষক রুমানা আক্তারকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগের পর শিক্ষার্থীকে আবার মারধর করা হয়।
কৃষ্ণ হালদারের বাবা উত্তম হালদার বলেন, পড়া না পারার অজুহাতে আমার ছেলেকে বারবার মারধর করা হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
মা পল্লবী বলেন, আমার ছেলে এখন আতঙ্কে রয়েছে। সে স্কুলে যেতে ভয় পাচ্ছে। মারধরের কারণে তার শরীরে অনেক ক্ষত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমানা আক্তার বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনাটি দুঃখজনক। দুই শিক্ষককে সতর্ক করা হয়েছে। নিষেধ করা সত্ত্বেও ওই শিক্ষকেরা শিক্ষার্থীকে মারধর করেছেন।
ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

