নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে চাচির বাবার বাড়ি বেড়াতে এসে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ দুইদিন পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার মধুমতি নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে ডিগ্রিরচর ‘মিনি কক্সবাজার’ খ্যাত মধুমতি নদীর চরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তাসমিয়া।
নিহত তাসমিয়া যশোর জেলার সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। সে ঈদের ছুটিতে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে তার চাচি রেশমার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তাসমিয়া তার চাচি রেশমা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ডিগ্রিরচর এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে মধুমতি নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে স্থানীয়রা ও স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি। অবশেষে নিখোঁজের দুইদিন পর শনিবার সকালে ডিগ্রিরচর মধুমতি নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
এ বিষয়ে এসআই এনায়েত জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এনএম

