নড়াইলের কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আচার্য (৭২) কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
রোববার (৫ এপ্রিল) রাতে উপজেলার ছোট কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষ্ণপদ আচার্য ওই গ্রামের মৃত সন্তোষ আচার্যের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ আচার্য কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল নামে কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালায়। তারা তাকে মাথা, হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ আচার্য বলেন, মনশা মন্দিরের জমি ও তার পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। এরই জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এনএম

