বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

নড়াইলে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ, ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুইটি অভিযানে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুই ব্যক্তিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালান ইউএনও মো. জিন্নাতুল ইসলাম। এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখের কাছ থেকে ৯টি ব্যারেলে মোট ১ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখের কাছ থেকে ২৮টি ব্যারেলে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন। একই আইনে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, জব্দকৃত ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

তিনি আরও জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন