শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

নড়াইলে ট্রেনের নিচে কাটা পড়ে কৃষক নিহত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৯) নামে এক কৃষক নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া ওই এলাকার তামজেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে ছাগল বাঁধতে যান চান মিয়া। একপর্যায়ে ছাগলটি দৌড়ে রেললাইনের ওপর উঠে গেলে সেটি ধরতে গিয়ে তিনিও রেললাইনের ওপর চলে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গেছে। ঘটনাটি রেলওয়ের আওতাধীন এলাকায় হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন