নড়াইলের লোহাগড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিৎ বাগচি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় বিজয় (১৭) নামে তার অন্য একজন আহত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরের দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া মান্দারতলা মোড় এলাকায় লোহাগড়া-লাহুড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিৎ বাগচি লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিভাষ বাগচির ছেলে। আহত বিজয়ও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে জিৎ ও বিজয় মোটরসাইকেলে করে কল্যাণপুর থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিলো। পথে তেতুলবাড়িয়া মান্দারতলা এলাকায় পৌঁছালে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির জোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় জিৎ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত বিজয়কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় এক কিশোর নিহত ও আরেকজন আহত হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

