জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইলে এক নির্বাচনি জনসভায় যোগ দেবেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা জামায়াতে ইসলামি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি নড়াইল জেলা শাখার আয়োজনে জেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান জামায়াতে ইসলামি নড়াইল জেলা আমির ও নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু।
তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে শুক্রবার দুপুর সাড়ে ৩টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি নড়াইল জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের প্রার্থী মো. ওবায়দুল্লাহ কায়সারসহ দলীয় নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এএজে



