নড়াইল সদর উপজেলায় কালনা-যশোর মহাসড়কে বাসের ধাক্কায় মো. নজরুল মুন্সি (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার যশোর-কালনা মহাসড়কের নাকসী মাদরাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে তিনি মারা যান।
নিহত মো. নজরুল মুন্সি নড়াইল পৌর এলাকার ভওয়াখালি গ্রামের মৃত গনি মুন্সির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে মো. নজরুল মুন্সি মোটরসাইকেলযোগে নাকসী মাদরাসা এলাকা থেকে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানোর পরামর্শ দেন। এরপর তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম



