মালয়েশিয়া থেকে ফেরার পর যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

এক সপ্তাহ আগে মালয়েশিয়া থেকে বাড়িতে ফিরেছিলেন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের শামীম ওরফে রাবু শিকদার (২৬)। রবিবার (৫ অক্টোবর) ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, রাবু মালয়েশিয়া প্রবাসী ছিলেন। বিদেশে অবস্থানকালে তিনি মাথায় আঘাত পান। দেশে ফেরার পর থেকে চিকিৎসাধীন ছিলেন। শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তিনি। রবিবার ভোরে রাবুর মা তাকে ডাকতে গেলে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

রাবু আত্মহত্যা করেছেন বলে তার পরিবার দাবি করেছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘরের আড়ায় গলায় ফাঁস নিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন