কালিয়ায় ট্রলির ধাক্কায় মুক্তিযোদ্ধার মৃত্যু

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় ট্রলির ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুর রহমান ওরফে তোতা মিয়ার মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ছোট কালিয়া মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মুক্তিযোদ্ধা উপজেলার মির্জাপুর গ্রামের রুস্তম মোল্লার ছেলে।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি নিচে পরে যায় পরে ট্রলিটি তার ডান পায়ের উপর দিয়ে চলে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। খুলনা নেয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে ওসি শেখ তাসমীম আলম বলেন, ট্রলিটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন